ইপেপার / প্রিন্ট
চট্টগ্রামে হারিয়ে যাওয়া মোট ১০১টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে চালানো বিশেষ অভিযানে এসব মোবাইল উদ্ধার করা হয়।
বুধবার (১৭ জুন) চট্টগ্রাম নগরের নাসিরাবাদে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মোবাইলগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়।
জেলা পুলিশের গোয়েন্দা শাখা জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোবাইল হারানো সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে অভিযান শুরু করে। পরে প্রযুক্তিগত সহায়তা ও অনুসন্ধানের মাধ্যমে ধাপে ধাপে মোবাইলগুলো শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হয়।
জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, জনগণের হারানো সম্পদ উদ্ধার করে ফেরত দিতে পারা পুলিশের জন্য সন্তোষজনক একটি কাজ। তিনি জানান, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জনসেবামূলক পুলিশিং কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও হারানো সম্পদ উদ্ধার, জননিরাপত্তা নিশ্চিত করা এবং প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রম অব্যাহত থাকবে।
মোবাইল ফিরে পেয়ে মালিকরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ উদ্যোগকে জনআস্থার জন্য ইতিবাচক বলে উল্লেখ করেন।