ইপেপার / প্রিন্ট
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর প্রিয়া খান জামিনে মুক্তি পেয়েছেন। একইসঙ্গে তার মা হাফসা আক্তার এবং ভাই স্বাধীন মিয়াও জামিন লাভ করেছেন।
রোববার (৫ এপ্রিল) বিকেলে নেত্রকোণা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-এর বিচারক মো. শাহ্ পরান শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে আশুলিয়া এলাকা থেকে প্রিয়া খান (১৮), তার মা হাফসা আক্তার (৪০) এবং ভাই স্বাধীন মিয়া (২০)-কে গ্রেপ্তার করে পুলিশ। মামলার বাদী তমা আক্তার (২৯), যিনি আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দণ্ডবিধি ১৮৬০ আইনের আওতায় আটপাড়া থানায় দায়ের করা একটি অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযোগে বলা হয়, অভিযুক্তরা বাদীর বসতঘরে অনধিকার প্রবেশ করে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শন করে।
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে আশুলিয়া এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয় এবং পরে আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে বিচারক জামিনযোগ্য ধারা ও নারী হিসেবে বিবেচনায় তাদের জামিন প্রদান করেন।
বাদী তমা আক্তার অভিযোগ করে বলেন, অভিযুক্তরা তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। তিনি আরও দাবি করেন, প্রিয়া খান তার স্বামীর কাছে বারবার টাকা দাবি করতেন, যা নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করা হয় এবং আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বর্তমানে মামলার নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে।