ইপেপার / প্রিন্ট
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পেশাদারিত্বের সাথে নির্বাচন কমিশনকে সকল সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে বিসিএস প্রশাসন ক্যাডারদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন। এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। বিবৃতিতে সই করেছেন সংগঠনটির সভাপতি ও গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম এবং সংগঠনটির মহাসচিব ও ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী৷
গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট ’২৪ ছাত্র-জনতার ন্যায়সংগত আন্দোলনের ফলে জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়ে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং এরই ধারাবাহিকতায় সরকার আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। এ ঘোষণা জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন এবং রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার পথে একটি ইতিবাচক পদক্ষেপ। আমরা বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের এই সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি ও দায়িত্বশীল ভূমিকা পালনে এবং সর্বোচ্চ নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সাথে নির্বাচন কমিশনকে সকল সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
এতে আরও বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্র ও জনগণের সেবায় নিয়োজিত একটি পেশাদার, নিরপেক্ষ ও নৈতিক সিভিল সার্ভিসের অংশ। আমাদের কাজ রাষ্ট্রীয় নীতি বাস্তবায়ন করা, আইনানুগ দায়িত্ব পালন করা এবং যে কোনো নির্বাচনে সমান সুযোগ, নিরাপত্তা ও নিরপেক্ষতা নিশ্চিত করা। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা কোনো রাজনৈতিক দল, মতাদর্শ বা গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত নন-এটি আমাদের পরিচয়ের মূল ভিত্তি এবং পেশাগত নৈতিকতার মূল উপাদান। কিন্তু সম্প্রতি দুঃখজনকভাবে লক্ষ্য করা যাচ্ছে যে, রাজনৈতিক প্রচারণায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন গণমাধ্যমের টকশো বা আলোচনায় অংশগ্রহণকারীরা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্কে বিভ্রান্তিকর, উদ্দেশ্যমূলক বা রাজনৈতিকভাবে প্রভাবিত মন্তব্য করছেন। উল্লেখ্য, অতি সম্প্রতি চট্টগ্রামের এক রাজনৈতিক জনসভায় জনাব শাহজাহান চৌধুরী সরকারি প্রশাসন যন্ত্রকে অনিয়মতান্ত্রিকভাবে ব্যবহারের মানসে এক অনভিপ্রেত বক্তব্য আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ করছি এবং ভবিষ্যতে সকলকে এ ধরনের দায়িত্ব-জ্ঞানহীন বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, একটি পেশাদার, নিরপেক্ষ ও নৈতিক সিভিল সার্ভিসের অংশ হিসেবে প্রশাসন পুনর্ব্যক্ত করছে যে, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দক্ষতা প্রদর্শন করে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করতে সম্পূর্ণভাবে প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের সার্বিক আস্থা অর্জন এবং নির্বাচনী প্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য করতে আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে।