কয়েকদিন আগেই একটি গণমাধ্যমে ‘সোহানা সাবার দেহব্যবসার চাঞ্চল্যকর তথ্য ফাঁস’ শিরোনামে ভিডিও প্রতিবেদন প্রকাশ হয়। যে ঘটনায় ক্ষুব্ধ হন এই তারকা।
ইন্সটাগ্রাম এক পোস্ট দিয়ে নিউজটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে বলে দাবি করেন সোহানা সাবা।
সেই ঘটনার পরে এক স্ট্যাটাসে পরোক্ষভাবে ‘আলো আসবেই’ গ্রুপ প্রসঙ্গেও কথা বলতে দেখা যায় সাবাকে। সামাজিক মাধ্যমে এক পোস্টে চার লাইনের কবিতায় তিনি লেখেন, ‘ভেবেছিলাম সামনে অন্ধকার ঘন, দেখেছিলাম অশনি সংকেত ও রণ..সমুদয় পালটানো এই উপত্যকায়, নিজেকে ভুল প্রমাণ করে তবুও বিশ্বাস করতে চাই আলো আসবেই।’
রোববার (১৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচকদের উদ্দেশে আরও একটি স্ট্যাটাস দিয়েছেন এই অভিনেত্রী। যেখানে নিজের একটি ছবি প্রকাশ করে সোহানা সাবা লিখেছেন, ‘আমারে নিয়ে মিথ্যা না লিখলে চলে না তোমাদের পত্রিকা। এই যে নাও দিলাম নতুন ছবি, এবার জানাও মোরে কৃতজ্ঞতা।’
সোহানার ওই পোস্টে নেটিজেনদের অধিকাংশই হাসির প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে কেউ কোনো মন্তব্য করতে পারেননি। কারণ পোস্টটি লেখার পরই মন্তব্য ঘর বন্ধ রাখেন অভিনেত্রী।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে লড়াই চালানোর লক্ষ্যে তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সংসদ সদস্য ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামের ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়, যেখানে আওয়ামীপন্থি শিল্পী ও সাংবাদিকেরা যুক্ত ছিলেন। সেই গ্রুপে সোহানা সাবাও যুক্ত ছিলেন। গ্রুপে বিভিন্ন সময় তাকে কথা বলতেও দেখা গেছে।








