ইপেপার / প্রিন্ট
লিথুয়ানিয়া সীমান্ত দিয়ে অনিয়মিতভাবে পোল্যান্ডে প্রবেশের চেষ্টা করার সময় ৫৪ জন অভিবাসীকে আটক করেছে পোলিশ কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।
পোলিশ প্রশাসন জানিয়েছে, মানবপাচারকারীদের সহায়তায় অভিবাসীদের একটি দল ট্রাকে করে লিথুয়ানিয়া থেকে সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে প্রবেশের চেষ্টা করছিল। অভিযানের সময় ট্রাকের ভেতরে লুকিয়ে থাকা অবস্থায় তাদের আটক করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, আটক অভিবাসীদের পরিচয় যাচাই ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে পুনরায় লিথুয়ানিয়ায় ফেরত পাঠানো হবে।
পোলিশ সীমান্তরক্ষী বাহিনী জানায়, সীমান্তে চলমান অস্থায়ী নজরদারির অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পূর্ব সীমান্ত দিয়ে অনিয়মিত অভিবাসীদের প্রবেশ ঠেকাতে গত বছরের গ্রীষ্মে সীমান্তে অস্থায়ী নজরদারি চালু করে পোল্যান্ড। ইইউ ও পোল্যান্ডের অভিযোগ, বেলারুশ সীমান্ত দিয়ে অভিবাসীদের প্রবেশ করিয়ে ‘হাইব্রিড যুদ্ধ’ পরিচালনা করছে। তবে এই অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছে বেলারুশ।