ইপেপার / প্রিন্ট
আইপিএল বেটিং, অশ্লীল ছবি, বিটকয়েন জালিয়াতি মামলার বির্তকের পর এবার ফের আইনি বিপাকে জড়ালেন অভিনেত্রী শিল্পা এবং তার স্বামী রাজ কুন্দ্রা। এ তারকা দম্পতির বিরুদ্ধে এবার সোনা প্রতারণার অভিযোগ উঠেছে।
এ অভিযোগ করেছেন মুম্বাইয়ের বিশিষ্ট সোনা ব্যবসায়ী পৃথ্বীরাজ সরেমাল কোঠারি। ইতোমধ্যে মুম্বাই দায়রা আদালত এ তারকা দম্পতির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে।
‘সত্যযুগ গোল্ড প্রাইভেট লিমিটেড’ সংস্থার প্রতিষ্ঠাতা শিল্পা ও রাজ। ২০১৪ সালে এই সংস্থার অধীনে একটি যোজনা চালু হয়। সোনায় লগ্নি করলে বিনিয়োগকারীদের বড় অঙ্কের লাভের প্রতিশ্রুতি দেওয়া হয়। মেয়াদ শেষে সোনার বাজারমূল্য যা-ই থাকুক, সেই হারেই সোনা ফেরত দেওয়া হবে।পৃথ্বীরাজ জানান, শিল্পা রাজ ও তাদের সহযোগীদের কাছ থেকে আশ্বাস পাওয়ার পরই তিনি এই স্কিমে বিনিয়োগ করেছিলেন। সময়মতো সোনা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। উভয়ের আশ্বাসে পৃথ্বীরাজ এই স্কিমে প্রায় ৯০ লক্ষ টাকা বিনিয়োগ করেন। কিন্তু ৫ বছর পরে শিল্পা এবং রাজের কোম্পানি প্রতিশ্রুতি পূরণ করেনি।