ইপেপার / প্রিন্ট
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য নতুন সেবা মাশুল চালুর পরিকল্পনা করছে ইরান। তবে চীনসহ তেহরানের ঘনিষ্ঠ বা ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোর জন্য বিশেষ সুবিধা রাখা হবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত আবদোলরেজা রহমানি ফাজলি।
শনিবার (৪ জুলাই) চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড পিস ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, হরমুজ প্রণালির নতুন ব্যবস্থাপনা কাঠামো তৈরিতে ওমানের সঙ্গে যৌথভাবে কাজ করছে ইরান।
রাষ্ট্রদূত বলেন, হরমুজ প্রণালি অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজ থেকে নতুন সেবা মাশুল আদায় করা হবে। তবে এটি কোনো ‘টোল’ নয়, বরং নিরাপদ নৌচলাচল, জাহাজ পর্যবেক্ষণ এবং পরিবেশগত প্রভাব মোকাবিলার জন্য একটি সেবা ফি।
তিনি আরও বলেন, “যেসব দেশ কঠিন সময়ে আমাদের পাশে দাঁড়িয়েছে, বিশেষ করে বন্ধুত্বপূর্ণ দেশগুলো, তাদের জন্য অবশ্যই বিশেষ সুবিধা বিবেচনা করা হবে।”
এর আগে যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া প্রাথমিক সমঝোতায় ৬০ দিনের জন্য হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের বিনামূল্যে চলাচলের সুযোগ দেওয়া হয়েছিল। তবে ওই সময়সীমা শেষ হওয়ার পর নতুন ব্যবস্থাপনা কীভাবে কার্যকর হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
বিশ্বের মোট অপরিশোধিত জ্বালানি তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের সময় ইরান প্রণালিটি প্রায় পুরোপুরি বন্ধ করে দিলে বিশ্ববাজারে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে যায়।
বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রাথমিক সমঝোতার পর হরমুজ প্রণালির অবরোধ তুলে নিয়েছে ইরান। দুই দেশের মধ্যে স্থায়ী সমাধানের লক্ষ্যে আলোচনা অব্যাহত রয়েছে।