ইপেপার / প্রিন্ট
জীবনের ৪০ বসন্ত পেরিয়ে ৪১ এ পা দিয়েছেন সদ্যই। শোবিজে নিজেকে এগিয়ে রেখেছেন আপন গতিতে। অভিনয় শৈলী, রূপে-লাবণ্যে পেয়েছেন সাফল্যের ঝলক; বলছি দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের কথা।
কিন্তু অভিনেত্রীর ক্যারিয়ারে চাকচিক্যের ঝাপটা লাগলেও তার ব্যক্তিগত জীবনে রয়ে গেছে খানিকটা অপূর্ণতা। তা নিয়ে ঈষৎ আক্ষেপও রয়েছে বাঁধনের। কিন্তু কি নেই বাঁধনের?
এই মুহূর্তে সিংগেল মাদার হিসেবে জীবনযাপন করছেন অভিনেত্রী বাঁধন। একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছে তার জীবন। কাজেই অভিনেত্রীর আক্ষেপটা কোথায় তা অন্তত বুঝতে বাকি নেই।
গত সোমবার অভিনেত্রীর ৪১তম জন্মদিনে মোটামুটি খোলাসাই করেছিলেন বিষয়টি । বাঁধন জানিয়েছিলেন, তার মেয়ে সায়রা চায় মায়ের জীবনে কেউ আসুক। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিষয়টি নিয়ে সোজা মুখ খুললেন তিনি। জানালেন, আবার নতুন করে, নতুনভাবে পথচলা শুরু করতে চান অভিনেত্রী।
চল্লিশের কোটায় এসেও বিয়ের পরিকল্পনা সামনে আনার কারণ অকপটে তুলে ধরেছেন বাঁধন। অভিনেত্রীর কথায়, ৪০ বছর বয়স পার হয়ে গেছে তো, এখন অন্য রকম একটা জীবন লাভ করছি। নতুন জীবনে মনে হয়েছে, একজন সঙ্গী থাকতেই পারে। সঙ্গী ছাড়া তো মানুষ থাকতে পারে না। আমার পুরো জীবনটা সঙ্গী ছাড়াই কেটেছে, অলমোস্ট।
অতীত নিয়ে আক্ষেপ করে বাঁধন বললেন, ‘বিয়ে হোক বা যাই হোক, আমার জীবনের পথচলায় কখনও সত্যিকারের একজন সঙ্গী পেয়েছি । সব সময় হয় একজন দানব পেয়েছি, না হলে যে আমাকে অত্যাচার করছে, এ রকম মানুষ পেয়েছি। আমাকে অ্যাবিউজ করছে, এ রকম মানুষই পেয়েছি। তাই ওই অর্থে আমি কোনো জীবনসঙ্গী পাইনি, এটা সত্যি। সব মিলিয়ে এখন মনে হয়েছে, পথচলার একজন সঙ্গী হতেই পারে।’