ইপেপার / প্রিন্ট
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার (৪ জুলাই) রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স ও আশপাশের এলাকায় লাখো মানুষের সমাগম হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, বিপুলসংখ্যক মানুষ শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হওয়ায় গ্র্যান্ড মোসাল্লার দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশনেও ছিল উপচে পড়া ভিড়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হাজারো মানুষ স্টেশনের বাইরে অপেক্ষা করছেন অনুষ্ঠানস্থলে পৌঁছানোর জন্য।
এদিকে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তাদের কান্নার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
তেহরানের গভর্নর মোহাম্মদ সাদেক মোতামাদিয়ান জানিয়েছেন, শেষ শ্রদ্ধা ও দাফন অনুষ্ঠানে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। তিনি বলেন, নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৬টায় গ্র্যান্ড মোসাল্লা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে এবং সবাইকে সময় মেনে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রেস টিভির তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে ইরানের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, রাষ্ট্রীয় কর্মকর্তা, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। তার রাষ্ট্রীয় দাফন অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ইরান।