ইপেপার / প্রিন্ট
বাংলাদেশ রেলওয়ের জনস্বার্থসংশ্লিষ্ট সব ধরনের সংবাদ, প্রকাশযোগ্য তথ্য এবং যাত্রীসেবাবিষয়ক খবর দ্রুত জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রচারের উদ্যোগ নিতে জনসংযোগ পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এ-সংক্রান্ত তথ্য সরবরাহে রেলওয়ের সব দপ্তর ও কর্মকর্তাকে জনসংযোগ শাখার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহযোগিতা করতে বলা হয়েছে।
রোববার (২৬ জুলাই) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের জনসংযোগ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। মহাপরিচালকের অনুমোদনক্রমে পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এ আদেশ জারি করেন।
অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের সঙ্গে সংশ্লিষ্ট জনগুরুত্বপূর্ণ সব ধরনের সংবাদ ও প্রকাশযোগ্য প্রয়োজনীয় তথ্য দ্রুততার সঙ্গে জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে যথাসময়ে প্রচারের উদ্যোগ নিতে হবে। বিশেষ করে সম্মানিত যাত্রীদের ভ্রমণসংক্রান্ত খবর গুরুত্ব দিয়ে প্রচারের ব্যবস্থা করতে হবে।
এ ছাড়া রেলওয়ের বিভিন্ন কার্যক্রম ও জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য গণমাধ্যমে প্রচারের ক্ষেত্রে সব ধরনের গণমাধ্যমের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে জনসংযোগ পরিচালককে।
অফিস আদেশে আরও বলা হয়, এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট সব দপ্তর ও কর্মকর্তাকে প্রয়োজনীয় তথ্য এবং প্রকাশযোগ্য সংবাদ নিয়মিতভাবে পরিচালক (জনসংযোগ)-এর কাছে সরবরাহ করতে হবে। একই সঙ্গে জনসংযোগ কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশের অনুলিপি মহাপরিচালকের একান্ত সচিব, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন, আরএস, এমঅ্যান্ডসিপি, অবকাঠামো, অর্থ ও উন্নয়ন), পূর্ব ও পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক, বিভিন্ন প্রধান দপ্তরের বিভাগীয় প্রধান, রেলওয়ে ট্রেনিং একাডেমির রেক্টর, ঢাকা, চট্টগ্রাম, পাকশী ও লালমনিরহাটের বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) এবং সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।