ইপেপার / প্রিন্ট
টানা দুই দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানির প্রভাবে চট্টগ্রাম নগরীর নিচু এলাকাগুলোতে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলের ভারী বৃষ্টিতে মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, কাপাসগোলাসহ বিভিন্ন এলাকার সড়ক হাঁটুসমান পানিতে তলিয়ে যায়। এতে কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়েন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই রাস্তাঘাট ডুবে যায়। জলাবদ্ধতার কারণে যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় অনেককে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে। একই সঙ্গে রিকশা ও অন্যান্য যানবাহনের চালকদের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে।
কাতালগঞ্জ এলাকার বাসিন্দা মো. সালমান বলেন, সামান্য বৃষ্টিতেই তাদের বাসার নিচতলা ও আশপাশের সড়কে পানি জমে যায়। সন্তানকে হাসপাতাল থেকে বাসায় আনতে গিয়ে তাকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়েছে।
বহদ্দারহাটের বাসিন্দা ও সরকারি কর্মকর্তা হেফাজুতুল ইসলাম জানান, অফিস শেষে বাসায় ফেরার পথে হাঁটুসমান পানি অতিক্রম করতে হয়েছে। পর্যাপ্ত যানবাহন না থাকায় সাধারণ মানুষকে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করতে হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম অঞ্চলে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা এবং পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পানি নিষ্কাশনের কাজ চলমান রয়েছে। তবে বৃষ্টি অব্যাহত থাকায় নগরবাসীর দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।