ইপেপার / প্রিন্ট
বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর অভিনীত নতুন সিনেমা পেদ্দি মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ছবিতে অভিনেত্রীর কিছু দৃশ্য ও ক্যামেরার ব্যবহার নিয়ে বিতর্ক ছড়িয়ে পড়েছে ভক্ত ও সমালোচকদের মধ্যে।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিতর্ক শুরু হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে জাহ্নবীর একটি কথোপকথনের স্ক্রিনশট ভাইরাল হয়। সেখানে তিনি অভিযোগ করেন, শুটিংয়ের আগে নির্দিষ্ট কিছু শট না নেওয়ার অনুরোধ জানানো হলেও বাস্তবে তা মানা হয়নি।
ভাইরাল হওয়া বার্তায় জাহ্নবী লিখেছেন, “আমি তাকে বলেছিলাম, বুক ও কোমরের কোনো শট নেওয়া যাবে না।” কিন্তু পরবর্তীতে সেই নির্দেশনা উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাহ্নবী বলেন, চলচ্চিত্র জগতে অনেক সময় শিল্পীদের সঙ্গে এমন আচরণ করা হয় যা বিব্রতকর ও অস্বস্তিকর। তার ভাষায়, অনেকেই প্রথমে ক্লোজ-আপ শটের কথা বললেও পরে ভিন্নভাবে দৃশ্য ধারণ করেন, ফলে শিল্পীরা প্রতারিত বোধ করেন।
আলোচনার এক পর্যায়ে জাহ্নবী দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা-র উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, শ্রীলীলার মা প্রায় সবসময় মেয়ের সঙ্গে শুটিং সেটে উপস্থিত থাকেন। এতে অনেক অনাকাঙ্ক্ষিত বা বিব্রতকর পরিস্থিতি এড়িয়ে চলা সম্ভব হয়।
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে জাহ্নবী বলেন, “মা সঙ্গে থাকলে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায়। সম্ভবত এ কারণেই শ্রীলীলার মা প্রায়ই তার সঙ্গে সেটে থাকেন।”
‘পেদ্দি’ সিনেমা নিয়ে বিতর্কের মধ্যেও জাহ্নবীর বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই চলচ্চিত্র শিল্পে অভিনেত্রীদের ব্যক্তিগত সীমারেখা ও সম্মতির বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে দেখার দাবি জানিয়েছেন।