ইপেপার / প্রিন্ট
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি উপজেলা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র সকালে বৈধ ঘোষণা করা হলেও, বিকেলে নির্বাচন কমিশন (ইসি) পুনরায় তা বাতিল করেছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেয়।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানির শেষ দিনে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. নুরুল আমীন সরোয়ার আলমগীরের মনোনয়নপত্রের বৈধতা চ্যালেঞ্জ করেন। আপিলে সরোয়ার আলমগীরকে ঋণখেলাপি হিসেবে উল্লেখ করা হয়। শুনানি শেষে জামায়াত প্রার্থীর করা আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন, ফলে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।
বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীর বলেন, “সকালে আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছিল, বিকেলে কীভাবে তা বাতিল হলো— বিষয়টি আমার আইনজীবীরা খতিয়ে দেখছেন। আইনগতভাবে বিষয়টি এখনো শেষ হয়নি। পরবর্তী পদক্ষেপ আইনজীবীদের পরামর্শ অনুযায়ী নেওয়া হবে। আশা করি, আমাকে আটকে রাখা যাবে না।”
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেবেন। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা ২২ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।