ঢাকা: কোরবানির পশুর হাটে ছিনতাই ও অপরাধ ঠেকাতে নগদ লেনদেন এড়িয়ে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধের আহ্বান জানিয়েছেন মো. আহসান হাবীব পলাশ। তিনি বলেছেন, ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন পশুর হাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (২৪ মে) গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
র্যাব ডিজি বলেন, ঈদের সময় রাজধানী ও বড় শহরগুলোতে জনসমাগম তুলনামূলক কমে যায়। এই সুযোগে পশু ব্যবসায়ীদের কাছ থেকে বিক্রির টাকা ছিনতাইয়ের ঝুঁকি বাড়ে। এমন পরিস্থিতি মোকাবিলায় র্যাবের পক্ষ থেকে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি জানান, পশুর হাটগুলোতে নিরাপত্তা চৌকির সংখ্যা বৃদ্ধি করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন হাটে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়েছে।
মো. আহসান হাবীব পলাশ বলেন, “নগদ অর্থ বহনের ঝুঁকি কমাতে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে লেনদেনের বিষয়ে সবাইকে উৎসাহিত করা হচ্ছে।”
তিনি আরও বলেন, কোরবানির পশুবাহী যানবাহনকে জোরপূর্বক কোনো নির্দিষ্ট হাটে নিতে বাধ্য করা হচ্ছে কি না, সে বিষয়েও নজরদারি রাখা হচ্ছে। নিরাপদে পশু পরিবহন নিশ্চিত করতে র্যাবের ব্যাটালিয়নগুলো গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকায় চেকপোস্ট ও বিশেষ টহল পরিচালনা করছে।
জাল টাকা প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান র্যাব ডিজি। একই সঙ্গে জাল টাকা তৈরি ও ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিরুদ্ধেও কঠোর অবস্থানের কথা জানান তিনি। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।
এ ছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস ও অপরাধ দমনে র্যাবের নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
এর আগে র্যাব ডিজি গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন করেন। সেখানে তিনি যাত্রী ও বাস কাউন্টারের কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনেন। অনুষ্ঠানে র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাস মালিক ও শ্রমিক প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।