ইপেপার / প্রিন্ট
ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ৬ বেডের আইসিইউ ইউনিট পাঁচ বছর ধরে অচল পড়ে রয়েছে। জনবল সংকট ও বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ব্যবহার না হওয়ায় নষ্ট হওয়ার ঝুঁকিতে রয়েছে।
হৃদরোগসহ গুরুতর রোগীরা আইসিইউ সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রোগী ও স্বজনদের অভিযোগ, উন্নত চিকিৎসার অভাবে অনেক রোগীকে ঢাকা ও বরিশালে রেফার করা হয়, ফলে পথে মৃত্যুর ঘটনাও ঘটছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২১ সালে করোনাকালীন সময়ে আইসিইউ ইউনিট স্থাপন করা হলেও প্রয়োজনীয় চিকিৎসক, অ্যানেসথেটিস্ট ও দক্ষ নার্সের অভাবে তা চালু করা সম্ভব হয়নি। বর্তমানে ৮৭ জন চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ২৩ জন চিকিৎসক।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তৈয়বুর রহমান বলেন, প্রয়োজনীয় জনবল ও বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়া গেলে দ্রুত আইসিইউ ইউনিট চালু করা হবে। এদিকে দ্রুত আইসিইউ চালুর দাবি জানিয়েছেন ভোলার সাধারণ মানুষ ও সচেতন মহল।