ইপেপার / প্রিন্ট
সারাদেশে হামের টিকা দেওয়ার জন্য বিশেষ কর্মসূচি আগামী রোববার (৫ এপ্রিল) থেকে শুরু হবে। এই সময় ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। এছাড়া এপিআই’র অন্যান্য টিকা কার্যক্রমও চলবে।
বুধবার (১ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সামনে জরুরি সময় আসছে। গ্যাভি (GAVI) থেকে ২১.৯ মিলিয়ন হামের ভ্যাকসিন ধার নেওয়া হচ্ছে। এছাড়া ইউনিসেফকে টিকার জন্য প্রদান করা ৬০৪ কোটি টাকা ফেরত দেওয়া হবে, যখন টিকা গ্রহণ সম্পন্ন হবে।
আগামী দুই দিনের মধ্যে আক্রান্ত গ্রামাঞ্চলে সিরিঞ্জ ও ভ্যাকসিন পাঠানো হবে। ভ্যাকসিন কার্যক্রমে কোনো ব্যাঘাত না ঘটানোর জন্য ফিল্ড লেভেলের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।