ইপেপার / প্রিন্ট
নির্বাচন কমিশন (ইসি) নির্বাচন সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত সিনিয়র সহকারী সচিব শুধাংশু কুমার সাহাকে চাকরি থেকে অপসারণ করেছে, এনআইডি সেবা প্রদানকালে ঘুষ গ্রহণ এবং সেই তথ্য গোপন রাখার অভিযোগে।
রাষ্ট্রপতির অনুমোদনে গত ৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ শাস্তির কথা জানানো হয়। এই সিদ্ধান্ত ৩ ফেব্রুয়ারি থেকে কার্যকর।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শুধাংশু কুমার সাহা কুমিল্লায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালে, এনআইডি সংশোধনের জন্য ৩০০ টাকা অবৈধভাবে গ্রহণ করেন। ঘটনাটি গণমাধ্যমকর্মীরা ভিডিও করেছিলেন। ওই ভিডিও প্রকাশ না করতে তিনি সংশ্লিষ্ট সাংবাদিককে ২৯ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টা করেন।
ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে সাময়িক বরখাস্ত করা হয় এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা (নম্বর-০৪/২০২৫) দায়ের করা হয়। তদন্তে দেখা গেছে, অভিযুক্ত কর্মকর্তা আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করলেও তার জবাব সন্তোষজনক হয়নি।
পরবর্তীতে সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের ভিত্তিতে, শুধাংশু কুমার সাহাকে সরকারি কর্মচারী বিধিমালার ধারা ৪(৩)(গ) অনুযায়ী চাকরি থেকে অপসারণ করা হয়। তিনি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়, রংপুরে কর্মরত ছিলেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঘুষ গ্রহণ এবং সাংবাদিককে উৎকোচ দেওয়ার ঘটনা তদন্তে প্রমাণিত হয়েছে।