ইপেপার / প্রিন্ট
বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ আধিপত্য দেখিয়ে ২৮ বছর পর আবারও বিশ্বমঞ্চে ফিরেছে ইউরোপিয়ান দল নরওয়ে জাতীয় ফুটবল দল। ৮ ম্যাচের সবকটি জিতে ৩৭ গোল করার পর তাদের বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়।
১৯৯৮ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে রাজকীয়ভাবে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নরওয়ে। বিশেষ চমক হিসেবে ভিডিওবার্তার মাধ্যমে দল ঘোষণা করেন দেশটির রাজা পঞ্চম হ্যারাল্ড।
দলে প্রত্যাশিতভাবেই আছেন আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড এবং ম্যানচেস্টার সিটির তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। ওডেগার্ড এবার বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন।
স্কোয়াডে আরও আছেন ক্রিস্টাল প্যালেসের জর্গেন স্ট্র্যান্ড লারসেন, ফুলহামের অস্কার ববসহ ইউরোপের বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা। বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন স্যান্ডার টাংভিক, যিনি এর আগে কখনো জাতীয় দলে খেলেননি।
নরওয়ে প্রথমবার বিশ্বকাপ খেলেছিল ১৯৩৮ সালে এবং সর্বশেষ অংশ নিয়েছিল ১৯৯৮ সালে। দীর্ঘ বিরতির পর এবার তারা আবারও বড় সাফল্যের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে নামছে।
আগামী ১৬ জুন ইরাকের বিপক্ষে বোস্টনে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ সেনেগাল ও ফ্রান্স।