ইপেপার / প্রিন্ট
আগামী ১৩ জুন কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এই সফরে তিনি জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচি, রাজনৈতিক জনসভা এবং সুধী সমাবেশে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মোহাম্মদ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, তিনি সকাল ১০টায় কক্সবাজার বিমানবন্দর-এ পৌঁছাবেন। এরপর সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন ও পথসভায় অংশ নেবেন।
সফরের অংশ হিসেবে তিনি ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করবেন এবং মালুমঘাট সংরক্ষিত বনে বৃক্ষরোপণের মাধ্যমে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।
এছাড়া পেকুয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করার কর্মসূচিও রয়েছে।
সফরে নবগঠিত পেকুয়া পৌরসভা ও মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালে আয়োজিত রাজনৈতিক জনসভায় বক্তব্য রাখবেন। পরে মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন শেষে রাতে Long Beach Hotel-এর অডিটোরিয়ামে সুধী সমাবেশে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন শাহজাহান চৌধুরী। তিনি বলেন, “প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর জেলার উন্নয়ন ও অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল কর্মসূচি সফল করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।”
এদিকে মঙ্গলবার কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে চূড়ান্ত নিরাপত্তা ও প্রস্তুতি বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আব্দুল মান্নান। তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং প্রশাসনের সব বিভাগ সমন্বিতভাবে কাজ করছে।