ইপেপার / প্রিন্ট
রাষ্ট্রপতি ‘বাংলাদেশ হাওর ও জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছেন। বুধবার (১৪ জানুয়ারি) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি প্রকাশিত হয়েছে।
সারাদেশের হাওর ও জলাভূমির একটি সরকারি তালিকা প্রণয়ন করা হবে, যা জেলা প্রশাসকের তথ্যের ভিত্তিতে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশিত হবে এবং প্রয়োজনে হালনাগাদ করা যাবে।
হাওর ও জলাভূমি সংরক্ষণের জন্য মহাপরিকল্পনা প্রণয়ন ও নিয়মিত হালনাগাদ করবে সংশ্লিষ্ট অধিদপ্তর।
সরকার চাইলে কোনো হাওর বা জলাভূমিকে সংরক্ষিত এলাকা ঘোষণা করতে পারবে, যেখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অংশীজনদের মতামত গ্রহণ বাধ্যতামূলক।
উন্নয়ন প্রকল্প নেওয়ার আগে হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মতামত নেওয়া বাধ্যতামূলক।
কোনো প্রকল্পে এই মতামত না নিলে বা আদেশ অমান্য করলে শাস্তির ব্যবস্থা করা হবে।
হাওর বা জলাভূমির প্রতিবেশ ক্ষতি হলে মহাপরিচালক ক্ষতির পরিমাণ নির্ধারণ করে পুনরুদ্ধারের নির্দেশ দিতে পারবেন।
অধ্যাদেশ অনুযায়ী, হাওর ও জলাভূমি সংরক্ষণের ক্ষেত্রে নিম্নলিখিত শাস্তি নির্ধারিত হয়েছে:
অবৈধ দখল, ভরাট, অননুমোদিত খনন বা রূপান্তর: সর্বোচ্চ ২ বছর জেল বা ১০ লাখ টাকা জরিমানা, বা উভয়।
সংরক্ষিত হাওর ও জলাভূমি এলাকা লঙ্ঘন: ২ বছর জেল বা ৫ লাখ টাকা জরিমানা।
পানি, মাটি ও পরিবেশ দূষণ: ২ বছর জেল বা ২ লাখ টাকা জরিমানা।
অনুমোদন ছাড়া প্রাকৃতিক সম্পদ উত্তোলন (মাটি, বালি, পাথর): ২ বছর জেল বা ১০ লাখ টাকা জরিমানা।
নিষিদ্ধ জাল বা বিষাক্ত পদার্থ ব্যবহার করে মাছ ধরা: ২ বছর জেল বা ১০ লাখ টাকা জরিমানা।
মাছ বা জলজ সম্পদের প্রজনন ব্যাহত করা: ১ বছর জেল বা ৫ লাখ টাকা জরিমানা।
পরিযায়ী পাখি বা সংরক্ষিত জলজ প্রাণী শিকার, বন বা আবাসস্থল ধ্বংস: ২ বছর জেল বা ৫ লাখ টাকা জরিমানা।
এই অধ্যাদেশের মাধ্যমে সরকার হাওর ও জলাভূমির সুরক্ষা, সংরক্ষণ, উন্নয়ন ও সমন্বিত ব্যবস্থাপনা নিশ্চিত করতে চায়, যাতে জলবায়ু ও পরিবেশের ভারসাম্য রক্ষা হয় এবং প্রাকৃতিক সম্পদের অবৈধ ব্যবহার প্রতিরোধ করা যায়।