ইরানের অবরোধে হরমুজ প্রণালিতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের নেওয়া ‘প্রোজেক্ট ফ্রিডম’ উদ্যোগ সাময়িকভাবে স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, চলমান উত্তেজনার মধ্যে একটি সম্ভাব্য চুক্তির পথ খতিয়ে দেখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি একে “স্বল্প সময়ের জন্য বিরতি” হিসেবে উল্লেখ করেন।
ট্রাম্প আরও জানান, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে থাকা পাকিস্তান-এর অনুরোধেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রকল্প স্থগিত থাকলেও ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকবে বলে তিনি স্পষ্ট করেছেন।
এদিকে ইরান এই সিদ্ধান্তকে নিজেদের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছে। দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমগুলো ট্রাম্পের এ পদক্ষেপকে “ইরানের বিজয়” হিসেবে উল্লেখ করেছে এবং যুক্তরাষ্ট্রের পিছু হটার ইঙ্গিত বলেও দাবি করেছে।
উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ, যেখানে দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান এ প্রণালিতে অবরোধ জারি করে, ফলে শতাধিক জাহাজ সেখানে আটকা পড়ে।
এই পরিস্থিতি মোকাবিলায় গত ৪ মে ‘প্রোজেক্ট ফ্রিডম’ চালু করেছিল যুক্তরাষ্ট্র, যার আওতায় মার্কিন নৌবাহিনীর প্রহরায় জাহাজগুলোকে নিরাপদে প্রণালি অতিক্রমে সহায়তা দেওয়ার পরিকল্পনা ছিল। তবে নতুন এই স্থগিতাদেশে পরিস্থিতির পরবর্তী গতিপথ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।