ইপেপার / প্রিন্ট
ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার জেরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব হিসেবে ইরানও মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এরই মধ্যে হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে নতুন হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ জুন) যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা ইউকেএমটিও (UKMTO) জানিয়েছে, অজ্ঞাত একটি বস্তু হরমুজ প্রণালিতে চলাচলরত একটি তেলবাহী ট্যাংকারে আঘাত হেনেছে। জাহাজটির ক্যাপ্টেন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছেন।
প্রাথমিক তথ্যে জানা গেছে, বস্তুটি ট্যাংকারের কমান্ড সেন্টারের ওপর আঘাত করে। তবে হামলায় কোনো নাবিক আহত হননি এবং পরিবেশগত ক্ষয়ক্ষতিরও কোনো খবর পাওয়া যায়নি। ইউকেএমটিও জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করছে।
এদিকে বাহরাইন অভিযোগ করেছে, শনিবার সকালে ইরান তাদের ভূখণ্ড লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালিয়েছে। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে দেশটির সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে।
বাহরাইন দাবি করেছে, ড্রোন হামলায় সাধারণ মানুষের জীবন ঝুঁকির মুখে পড়েছে এবং মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের প্রচেষ্টাও বাধাগ্রস্ত হয়েছে। তবে ড্রোনগুলো নির্দিষ্ট কোনো স্থাপনায় আঘাত করেছে কি না বা কী লক্ষ্যবস্তু ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, ইরান এখন পর্যন্ত বাহরাইনের এ অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির নিরাপত্তা এবং আন্তর্জাতিক জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।