যুক্তরাষ্ট্র–ইরান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি-তে আটকে পড়া ১৩টি ভারতীয় বাণিজ্যিক জাহাজ নিরাপদে দেশে ফিরিয়ে আনতে জরুরি অভিযান শুরু করেছে ভারত।
ভারতের কেন্দ্রীয় সরকারের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা উপেশ কুমার শর্মা আন্তর্জাতিক সংবাদ সংস্থা AFP News-কে জানান, এই অভিযানের মূল লক্ষ্য হলো আটকে পড়া সব জাহাজকে দ্রুত ও নিরাপদে ভারতে ফিরিয়ে আনা।
আটকে থাকা জাহাজগুলোর মধ্যে রয়েছে এলপিজি ট্যাংকার, অপরিশোধিত তেলবাহী ট্যাংকার, রাসায়নিক পণ্যবাহী ট্যাংকার, কন্টেইনার জাহাজ, বাল্ক ক্যারিয়ার এবং একটি ড্রেজার। মোট ১৩টি জাহাজে প্রায় ৩ হাজার ৪০০ জন নাবিক ও ক্রু অবস্থান করছেন বলে জানা গেছে।
ভারত সরকার জানিয়েছে, দেশটির বন্দর ও নৌপরিবহন মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দূতাবাস সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সামুদ্রিক সংস্থাগুলোর সহযোগিতাও নেওয়া হচ্ছে।
এরই মধ্যে একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ‘নিসোস কেরোস’ হরমুজ প্রণালি এলাকা থেকে বের হয়ে ভারতের দিকে যাত্রা শুরু করেছে বলে নিশ্চিত করা হয়েছে। জাহাজটিতে প্রায় ২ লাখ ৭০ হাজার টন অপরিশোধিত তেল রয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা এবং নাবিকদের নিরাপদ প্রত্যাবর্তন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
বিশ্লেষকদের মতে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি-তে এ ধরনের পরিস্থিতি বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্যে বড় ধরনের চাপ সৃষ্টি করতে পারে।