মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ Strait of Hormuz-এ আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে ‘প্রোজেক্ট ফ্রিডম’ নামে নতুন একটি উদ্যোগ ঘোষণা করেছেন Donald Trump।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, এই প্রকল্পের আওতায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ প্রণালিতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে প্রণালি পার হতে সহায়তা করবে।
প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি আরব উপসাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করেছে। বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস এই পথ দিয়ে পরিবহন হয়। ফলে এই জলপথে চলাচল ব্যাহত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে Iran এই প্রণালিতে অবরোধ জারি করে। এতে শতাধিক আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ সেখানে আটকা পড়ে এবং জাহাজগুলোর ক্রুরা খাদ্য ও জরুরি সরবরাহ সংকটে পড়েন।
ট্রাম্প তার ঘোষণায় বলেন, বিশ্বের বিভিন্ন দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র এই উদ্যোগ নিয়েছে। অনেক জাহাজ এমন দেশের, যারা চলমান সংঘাতের সঙ্গে সরাসরি জড়িত নয়। তাদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সহায়তা করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
তিনি আরও দাবি করেন, ‘প্রোজেক্ট ফ্রিডম’ একটি মানবিক উদ্যোগ, যার মাধ্যমে আটকে পড়া জাহাজ ও তাদের ক্রুদের সহায়তা দেওয়া হবে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, এই প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের বাধা এলে যুক্তরাষ্ট্র ‘শক্তভাবে’ তার জবাব দেবে।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল (বাংলাদেশ সময় সোমবার রাত) থেকে এই প্রকল্প কার্যকর হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়াতে পারে, বিশেষ করে যদি এতে আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে সরাসরি মুখোমুখি অবস্থান তৈরি হয়।