ইপেপার / প্রিন্ট
রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়েরকৃত হত্যার মামলায় ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের নেতা কামরুল হাসান রিপনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
মামলার শুনানিতে জানা যায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল সরদার আসামি রিপনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ড শুনানি বৃহস্পতিবার ধার্য করেন।
রিপন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এর আগে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের সিনিয়র সহ-সভাপতির দায়িত্বও পালন করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, গত সোমবার রাত আনুমানিক আড়াইটার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় কিছু লোক রিপনকে আটক করে মারধর করেন। আহত অবস্থায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর জুলাই আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে সংঘটিত দীন ইসলাম বেপারীর হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার রাতে আদালতে হাজির করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর দেড়টার দিকে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে অংশ নেওয়ার সময় যাত্রাবাড়ী থানার চৌরাস্তায় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে দীন ইসলাম বেপারী ঘটনাস্থলেই নিহত হন। ওই ঘটনায় ২০২৫ সালের ২০ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করা হয়।