ইপেপার / প্রিন্ট
জাকার্তা: চলতি বছরের পবিত্র হজে ইন্দোনেশীয় হজযাত্রীদের কোরবানির পশুর মাংস নিপীড়িত ফিলিস্তিনিদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, এ বিষয়ে সৌদি আরব সরকারের সঙ্গে সমঝোতা সম্পন্ন হয়েছে।
ইন্দোনেশিয়ার হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী দাহনীল আনজার সিমানজুনাতাক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হজের সময় কোরবানি করা পশুর মাংস ফিলিস্তিনিদের কাছে পাঠাতে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।
তিনি জানান, হজের কোরবানির মাংস ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সৌদি আরবের ‘আদাহি প্রজেক্ট’-এর কাছেও আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছে, যাতে মাংস দ্রুত ও সুষ্ঠুভাবে ফিলিস্তিনিদের কাছে পৌঁছে দেওয়া যায়।
উপমন্ত্রী আরও বলেন, প্রাবো সুবিয়ান্তো–এর নির্দেশনায় মানবিক এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি ও সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সরকারি তথ্যমতে, এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার ১ লাখ ২৬ হাজার ৮৩২ জন হজযাত্রী কোরবানির পশুর অর্থ পরিশোধ করেছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে যুদ্ধ ও সংকটে থাকা ফিলিস্তিনি জনগণ কিছুটা সহায়তা পাবে।