পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত মোট ২০ হাজার ৫৫৩ জন হজযাত্রী Saudi Arabia পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত মোট ৫১টি ফ্লাইটে তারা সেখানে গেছেন। হজ পালন করতে গিয়ে ইতোমধ্যে একজন বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।
বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত সর্বশেষ হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত Biman Bangladesh Airlines-এর ১৯টি ফ্লাইটে ৭ হাজার ৮৫৫ জন, Saudia-এর ১৮টি ফ্লাইটে ৭ হাজার ১৫ জন এবং Flynas-এর ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৬৯৩ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
হজযাত্রীদের মধ্যে ২ হাজার ৮৩০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ১৭ হাজার ৬৯৩ জন বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন।
এদিকে, হজ পালনে গিয়ে নইম উদ্দীন মন্ডল (৭৫) নামে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়।
উল্লেখ্য, গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ওই দিন ৪১৯ জন যাত্রী নিয়ে Biman Bangladesh Airlines-এর প্রথম ডেডিকেটেড ফ্লাইট সৌদির উদ্দেশে ছেড়ে যায়। আগামী ২১ মে পর্যন্ত হজ ফ্লাইট চলবে এবং ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ৩০ জুন শেষ হবে।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করতে সৌদি আরবে যাওয়ার কথা রয়েছে।