ইপেপার / প্রিন্ট
সৌদি আরবে রাষ্ট্রীয় খনি কোম্পানি ‘মাদেন’ দেশের চারটি স্থানে নতুন করে ৭৮ লাখ আউন্স বা ২ লাখ ২১ হাজার কেজির বেশি স্বর্ণ খুঁজে পেয়েছে। নতুন আবিষ্কার দেশের খনিজ সম্পদ সম্প্রসারণ এবং বিশ্বমানের স্বর্ণ শিল্প গড়ে তোলার লক্ষ্যকে আরও শক্তিশালী করবে।
মাদেন জানিয়েছে, এই মজুদ চারটি প্রকল্প—মানসুরা মাসারাহ, উরুক ২০/২১, উম্ম আস সালাম এবং নতুন আবিষ্কৃত ওয়াদি আল জাও—থেকে পাওয়া গেছে। এর মধ্যে মানসুরা মাসারাহ প্রকল্পে গত বছরের তুলনায় মজুদ বেড়েছে ৩০ লাখ আউন্স, উরুক ও উম্ম আস সালামে মিলেছে ১৬ লাখ ৭০ হাজার আউন্স, এবং ওয়াদি আল জাওতে প্রথমবারের মতো পাওয়া গেছে ৩০ লাখ ৮০ হাজার আউন্স স্বর্ণ।
মাদেনের সিইও বব উইল্ট বলেন, “এই সাফল্য আমাদের দীর্ঘমেয়াদি কৌশল এবং মাঠপর্যায়ে দক্ষতার প্রতিফলন। চারটি স্থানে ড্রিলিংয়ের মাধ্যমে পাওয়া স্বর্ণ আমাদের পোর্টফোলিও’র বিস্তার এবং ভবিষ্যতের সম্ভাবনার প্রমাণ দেয়।” তিনি আরও যোগ করেন, নতুন মজুদ কোম্পানির ব্যবসা বহুমুখীকরণের লক্ষ্যকে আরও শক্তিশালী করবে।
মানসুরা মাসারাহ খনিতে বর্তমানে ১১ কোটি ৬০ লাখ টন আকরিক সংরক্ষিত রয়েছে, যেখানে প্রতি টন আকরিক থেকে ২.৮ গ্রাম হারে মোট ১ কোটি ৪ লাখ আউন্স স্বর্ণ পাওয়া যেতে পারে। নতুন ড্রিলিংয়ের মাধ্যমে এখানে নিট ৩০ লাখ আউন্স স্বর্ণের নতুন মজুদ যুক্ত হয়েছে।
মাদেন জানিয়েছে, ২০২৬ সালের পুরো বছর এই খনিতে ড্রিলিং কার্যক্রম অব্যাহত থাকবে এবং খনির ভূ-কাঠামো নিয়ে নতুন তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে হালনাগাদ করা হবে।
এই আবিষ্কার সৌদি আরবকে বিশ্ব স্বর্ণ শিল্পে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে এবং দেশটির খনিজ সম্পদ ব্যবহারের সুযোগ বাড়াবে।