ইপেপার / প্রিন্ট
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম, নাসির উদ্দিন বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ নিয়ে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়ানো হচ্ছে। তিনি বলেন, “সোশ্যাল মিডিয়ায় আমাদের বিরুদ্ধে লেখালেখি করে ১২টা বাজিয়ে দিচ্ছে। সাংবাদিকরা পাশে থাকায় মানুষ সঠিক তথ্য পাচ্ছে।”
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পোস্টাল ভোটিং সিস্টেম নিয়ে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ এবং সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন।
সিইসি জানান, বিশ্বের ১২২টি দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালট কার্যক্রম প্রথমবারের মতো চালু করা হয়েছে। এটি সফল হলে বিশ্ব ইতিহাসে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে। তিনি বলেন, “এই উদ্যোগ ঝুঁকিপূর্ণ হলেও আমাদের শপথ ছিল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা। ভিন্ন সংস্কৃতি, আইন ও পোস্টাল সিস্টেমকে এক সুতোয় গাঁথা বড় চ্যালেঞ্জ ছিল, যা আমাদের টিম মোকাবিলা করছে।”
সোশ্যাল মিডিয়ায় ভুল বোঝাবুঝি প্রসঙ্গে সিইসি বলেন, অনেকেই বিষয়টি বুঝে সমালোচনা করেন। কিন্তু সাংবাদিকরা মানুষকে সঠিক তথ্য পৌঁছে দিচ্ছেন। তিনি আরও উল্লেখ করেন, প্রবাসী ছাড়াও যারা কর্মস্থলের কারণে বা কারাগারে থাকায় ভোট দিতে পারছেন না, তাদের জন্যও ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হয়েছে।
সিইসি বলেন, “বিদেশি কূটনীতিকরা জানিয়েছেন, যদি বাংলাদেশ এই পোস্টাল ব্যালট সফলভাবে বাস্তবায়ন করতে পারে, তবে এটি বিশ্ব ইতিহাসে স্থান পাবে। প্রতিবেশী দেশগুলোও এভাবে সফল হতে পারেনি।”
এ উদ্যোগ দেশের জন্য এক নতুন নজির স্থাপন করছে এবং প্রবাসী ভোটারদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে সাহসিকতার প্রতীক হয়ে থাকবে।