ইপেপার / প্রিন্ট
দেশের শীর্ষস্থানীয় লজিস্টিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পাঠাও কুরিয়ার টানা চতুর্থবারের মতো তাদের সেরা পারফরম্যান্সধারী মার্চেন্টদের সম্মাননা দিয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে চারজন মার্চেন্টকে দেশ ও বিদেশ ভ্রমণের ‘কাপল এয়ার টিকিট’ প্রদান করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ী মার্চেন্টদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মার্চেন্টদের পারফরম্যান্স মূল্যায়নে ডেলিভারি ভলিউম, সেবা ব্যবহারের ধারাবাহিকতা, প্রবৃদ্ধি এবং প্ল্যাটফর্মে সক্রিয়তার মতো একাধিক সূচক বিবেচনা করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ‘স্টার মার্চেন্ট’ ক্যাটাগরিতে সুন্নাহ স্কয়ারের মো. আনোয়ার হোসেন ঢাকা–ব্যাংকক–ঢাকা কাপল এয়ার টিকিট অর্জন করেন। একই ক্যাটাগরিতে স্টাইল মার্ট ব্র্যান্ডের সাইফুল ইসলাম রানা ঢাকা–কাঠমান্ডু–ঢাকা এয়ার টিকিট লাভ করেন।
এ ছাড়া পাঠাওয়ের ‘ইন্সটাপে’ সেবার সর্বোচ্চ ব্যবহারকারী হিসেবে ‘বেস্ট ইন্সটাপে মার্চেন্ট’ ক্যাটাগরিতে বুরাক-এর শাকিল শেখ এবং দ্রুত প্রবৃদ্ধির স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট ইমার্জিং মার্চেন্ট’ ক্যাটাগরিতে বিউটি অফ আতিফা-এর আতিফা আক্তার ঢাকা–কক্সবাজার–ঢাকা কাপল এয়ার টিকিট অর্জন করেন।
পাঠাও কুরিয়ার জানায়, এই সম্মাননা মার্চেন্টদের পরিশ্রম, নিষ্ঠা ও ব্যবসায়িক উৎকর্ষতার স্বীকৃতি। একই সঙ্গে এটি নতুন ও উদীয়মান উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ভবিষ্যতেও মার্চেন্টদের পারফরম্যান্সকে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পাঠাও কুরিয়ার আরও জানায়, ২০১৫ সালে যাত্রা শুরু করা পাঠাও বর্তমানে একটি শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিকস খাতে প্রতিষ্ঠানটি শীর্ষস্থান ধরে রেখেছে। বর্তমানে পাঠাও প্ল্যাটফর্মে ১ কোটি ৫০ লাখের বেশি ব্যবহারকারী, ৪ লাখেরও বেশি পাঠাও হিরো ও ডেলিভারি এজেন্ট, প্রায় ২ লাখ মার্চেন্ট এবং ১৫ হাজার রেস্টুরেন্ট যুক্ত রয়েছে।
পাঠাওয়ের কার্যক্রমের মাধ্যমে দেশে ৬ লাখেরও বেশি মানুষের আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।