সুনামগঞ্জের ছাতক উপজেলার আমেরতল গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার সকালে উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ২৯ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের চাচাতো ভাই অ্যাডভোকেট মনির উদ্দিন এবং একই গ্রামের মোড়ল গোষ্ঠীর কপিল উদ্দিনের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঈদের আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং সেই ঘটনায় মামলা–মোকদ্দমাও চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় শনিবার সকালে দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষ মুখোমুখি হলে ঘণ্টাব্যাপী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় এলাকা। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
ছাতক থানার ওসি মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।