ইপেপার / প্রিন্ট
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনার উদ্দেশ্যে ইরানের একটি প্রতিনিধিদল সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে। শনিবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে চুক্তিটি বর্তমানে সংকটের মুখে রয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনকারী পাকিস্তান জানিয়েছে, আগামী ২১ জুন সুইজারল্যান্ডের বার্গেনস্টকে একটি কারিগরি পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। এতে ইরান, যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরা অংশ নেবেন।
অন্যদিকে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।
ইরানের সামরিক বাহিনীর দাবি, শত্রুপক্ষ প্রতিশ্রুতি ভঙ্গ করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।