ইপেপার / প্রিন্ট
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট সংলগ্ন এলাকায় পুরাতন জাহাজের মালামাল বিক্রির একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। স্থানীয়দের ধারণা, এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এক কোটি টাকারও বেশি হতে পারে।
গতকাল রাত সাড়ে ৯টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁও পাম্পসংলগ্ন ওই মার্কেটে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একটি দোকানে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ রূপ নেয়।
আগুনের কারণে রাত সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট এবং চট্টগ্রাম নগরের বায়েজিদ ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর রাত সাড়ে ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়।
আগুনে দোকানগুলোর ভেতরে থাকা পুরাতন জাহাজের যন্ত্রাংশ, লোহালক্কড়, মেশিনারি ও অন্যান্য মূল্যবান মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আল মামুন জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে নিশ্চিত করা যাবে। প্রাথমিকভাবে ১০ থেকে ১২টি দোকান পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব নির্ধারণে আরও সময় লাগবে।
ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।