ইপেপার / প্রিন্ট
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নানা খবর ও তথ্য সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থার মাধ্যমে যাচাই করার পর গুজব হিসেবে প্রমাণিত হয়েছে। এমন মন্তব্য করেছেন চট্টগ্রামের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
ডিসি জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, আনোয়ারার একটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনাকে বড় কোনো ইস্যু হিসেবে দেখার প্রয়োজন নেই। ঘটনার পরপরই সেখানে নতুন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
তিনি বৃহস্পতিবার দুপুরে কর্ণফুলী উপজেলার আবদুল জলিল চৌধুরী কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনকালে এ মন্তব্য করেন।
জেলা প্রশাসক বলেন, পুরো চট্টগ্রামকে কঠোর নিরাপত্তা বলয়ে রাখা হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নেই এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। তিনি আরও বলেন, “কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে জনগণই তা প্রতিহত করবে।”
ডিসি জাহিদুল ইসলাম জোর দিয়ে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়াই সবার লক্ষ্য।
কোনো প্রার্থীর অভিযোগ আছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কয়েকজন প্রার্থী দীর্ঘ লাইনের বিষয় নিয়ে মুঠোফোনে অভিযোগ করেছেন। দ্রুত ভোটগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, নারী ভোটারদের উৎসবমুখর অংশগ্রহণ দেশের নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা প্রমাণ করছে। জেলা প্রশাসক বলেন, “বিশ্বকে আমরা দেখাতে চেয়েছি যে বাংলাদেশও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম।”