ইপেপার / প্রিন্ট
ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মি লিউ উ ইন সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার সকালে ৩৫ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে তিনি সড়কপথে স্মৃতিসৌধে পৌঁছান।
পরিদর্শনকালে তিনি স্মৃতিসৌধের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে তিনি স্মৃতিসৌধ এলাকা ঘুরে দেখেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে শহীদদের অবদান স্মরণ করেন।
এ সময় মি লিউ উ ইন বাংলাদেশ ও চীনের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেন। তিনি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রেও আগ্রহ প্রকাশ করেন।
চীনের প্রতিনিধি দলের এই সফরকে বাংলাদেশ-চীন সম্পর্কের উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।