ইপেপার / প্রিন্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, “সরকার অন্যত্র মস্তক বন্ধক রেখে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে।” তিনি আরও বলেন, “যারা জুলাই বিপ্লবকে অস্বীকার বা কেড়ে নেওয়ার চেষ্টা করবে, জনগণ তাদের বিরুদ্ধে রাজপথে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তুলবে।”
২৬ মার্চ, বৃহস্পতিবার, রাজধানীর বারিধারার মহানগর অফিসে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে সেলিম উদ্দিন এসব মন্তব্য করেন।
তিনি বলেন, “প্রত্যেক জাতির জন্য স্বাধীনতা অত্যন্ত মূল্যবান এবং স্বাধীনতা রক্ষার জন্য সকলকে আত্মসচেতন হতে হয় এবং জাতিকে ঐক্যবদ্ধ হতে হয়। কিন্তু অতীতে শাসকগোষ্ঠী নিজেদের রাজনৈতিক স্বার্থে স্বাধীনতার পক্ষ-বিপক্ষ প্রশ্ন তুলে জাতিকে বিভক্ত করেছে। এছাড়া আমাদের বৃহৎ প্রতিবেশী দেশের প্ররোচনায় এই বিভাজন আরও গভীর হয়েছে।”
জুলাই বিপ্লবের প্রসঙ্গ উল্লেখ করে সেলিম উদ্দিন বলেন, “জুলাই বিপ্লবের প্রাণশক্তি ছিল আমাদের যুব ও ছাত্রসমাজ। ছাত্রশিবির এবং জামায়াতে ইসলামী এই আন্দোলনে সার্বিক সহযোগিতা করেছে। আমি নিজেও একজন জুলাই যোদ্ধা।”
তিনি সরকারকে আহ্বান জানিয়ে বলেন, “সৎ ও ভালো কাজে প্রতিযোগিতা করুন। আমরা আপনাদের সফল করতে এবং মেয়াদপূর্তিতে সার্বিক সহযোগিতা করব। তবে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে নতুন সংবিধান প্রণয়ন করুন এবং জাতিকে ঐক্যবদ্ধ করুন। অন্যথায় জনগণ কাউকে ক্ষমা করবে না।”
তিনি আরও বলেন, “পলাশী প্রান্তরে নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ছিল শুধুমাত্র সামরিক পরাজয় নয়, এটি ছিল আত্মসচেতনতার অভাবের পরিণতি। যদি সে সময় কৃষকরা ইংরেজ বাহিনীর দিকে পাথর ছুড়ত, তবে নবাবের পরাজয় এড়ানো সম্ভব হতো।”
সেলিম উদ্দিন সরকারের প্রতি তীব্র সমালোচনা করে বলেন, “সরকার গণরায় অস্বীকার করে নতুন করে স্বৈরাচারী হতে চায়। তারা অন্যত্র মস্তক বন্ধক রেখে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে।”
এছাড়া, তিনি সরকারের নেতাদের সতর্ক করে বলেন, “হাসিনা তো প্রতিবেশী দেশে আশ্রয় পেয়েছেন, কিন্তু আপনারা তো তাও পাবেন না।” তিনি অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদে শপথ নিতে সরকারি দলের সদস্যদের প্রতি আহ্বান জানান, অন্যথায় তাদের গণরোষের মুখোমুখি হতে হবে বলে তিনি মন্তব্য করেন।
এ সভায় জামায়াতে ইসলামী নেতা ডা. ফখরুদ্দীন মানিক, মাওলানা ইয়াছিন আরাফাত এবং মু. আতাউর রহমান সরকারও বক্তব্য রাখেন। সভা শেষে সেলিম উদ্দিন দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন।