ইপেপার / প্রিন্ট
চলতি বছরের জানুয়ারিতে ইরানে তীব্র আকার ধারণ করা সরকারবিরোধী বিক্ষোভে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৬ জুন) মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বিচার বিভাগ পরিচালিত রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম মিজান অনলাইন।
প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের জানুয়ারিতে সংঘটিত কথিত অভ্যুত্থান চেষ্টার সশস্ত্র নেতা জাভাদ জামানি ও আবুলফজল সায়েদির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
ইরানি আদালত তাদের বিরুদ্ধে ‘মুহারেবা’ (সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধ) এবং ‘পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি’—এই দুই গুরুতর অভিযোগে রায় দেয়। তদন্তে তাদের সরকারি ও বেসরকারি সম্পত্তি ধ্বংস এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।
ইরান বলছে, দেশটির ইসলামি শাসনব্যবস্থাকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে তারা সহিংস কর্মকাণ্ডে অংশ নিয়েছিল।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির পর দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার আরও বেড়েছে। ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, দণ্ডপ্রাপ্তদের অনেকেই বিদেশি শক্তির মদদপুষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
অন্যদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলছে, বিশ্বের মধ্যে চীনের পর সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ইরানে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে অন্তত ৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যাদের মধ্যে ১৮ জন সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।