সম্প্রতি চট্টগ্রামের জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলার ঘটনায় কঠোর অবস্থানের কথা জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশে সন্ত্রাসীদের কোনো ধরনের অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা খুব শিগগিরই নেওয়া হবে।
মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরসহ বিভিন্ন স্থানে র্যাব ও পুলিশের ওপর হামলার ঘটনাগুলো সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছে। যারা দুঃসাহস ও উদ্ধত আচরণ করেছে, তাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
তিনি বলেন, দীর্ঘ সময় দেশে আইনের শাসনের দুর্বলতার কারণে কিছু এলাকায় অপরাধী গোষ্ঠীর প্রভাব বিস্তার ঘটেছে। জঙ্গল সলিমপুরকে “রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র” হিসেবে গড়ে তোলার চেষ্টা হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। সেখানে পরিচালিত যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার ও বিভিন্ন দাগী আসামি গ্রেপ্তারের কথাও উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ওই এলাকায় ভবিষ্যতে পুলিশ একাডেমি, র্যাব একাডেমি, ক্রীড়া কমপ্লেক্স এবং অন্যান্য সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনা রয়েছে। এ কারণে সন্ত্রাসী গোষ্ঠীগুলো তাদের পুরোনো অবস্থান ধরে রাখতে চাইছে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে মো. আহসান হাবীব পলাশ বলেন, জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে সরাসরি হামলা হয়নি; বরং নতুন একটি বিশেষ ক্যাম্প স্থাপনের উদ্যোগের সময় অতর্কিত হামলার ঘটনা ঘটে। তিনি স্বীকার করেন যে কিছু পর্যবেক্ষণগত দুর্বলতা ছিল, তবে সন্ত্রাসী গোষ্ঠীর সক্ষমতা আইনশৃঙ্খলা বাহিনীকে ছাড়িয়ে যাওয়ার মতো নয়।
তিনি আরও বলেন, এখন পর্যন্ত প্রায় ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং যেখানেই থাকুক, সংশ্লিষ্টদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।