ইপেপার / প্রিন্ট
সংসদের চলমান অধিবেশনের দ্বিতীয় দিনে দুই মন্ত্রীর কাছে মোট ছয়টি লিখিত প্রশ্ন উত্থাপন করেছেন সংসদ সদস্যরা। সংসদের রেওয়াজ অনুযায়ী প্রথম দিনে প্রশ্নোত্তর পর্ব না থাকলেও দ্বিতীয় দিনের শুরুতেই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয়।
রোববার (১৫ মার্চ) বেলা ১১টায় অধিবেশনের কার্যক্রম শুরু হলে সংশ্লিষ্ট মন্ত্রীরা লিখিত প্রশ্নের জবাব দেন। প্রশ্নগুলো মূলত শিক্ষা ও আবাসন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে করা হয়। এগুলোর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে জানতে চান সংসদ সদস্যরা।
ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন দেশে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে জানতে চান। জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে এবং সরকার এগুলোর মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছে। প্রয়োজনীয়তা বিবেচনা করে ভবিষ্যতে নতুন পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
একই সংসদ সদস্য তার নির্বাচনী এলাকায় সরকারি টেকনিক্যাল বা ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা আছে কি না তা জানতে চাইলে শিক্ষামন্ত্রী জানান, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীনে উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের প্রকল্প চলমান রয়েছে। তবে ঢাকা মহানগর এলাকায় বর্তমানে নতুন টেকনিক্যাল বা ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা নেই। যদিও পূর্বাচল এলাকায় একটি টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ ও একটি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ জন্য জমি বরাদ্দ চেয়ে গণপূর্ত মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।
ঢাকা–১৮ আসনে নিম্ন আয়ের মানুষের জন্য ভাড়াভিত্তিক আবাসন প্রকল্পের বিষয়ে জানতে চাইলে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের জানান, ওই এলাকায় সরকারি খাস জমি উদ্ধার করে এমন কোনো প্রকল্প বর্তমানে নেই। কারণ খাস জমি সংক্রান্ত কার্যক্রম ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন। তবে স্থানীয় চাহিদা ও প্রস্তাবের ভিত্তিতে এবং জমি বরাদ্দ পাওয়া গেলে ভবিষ্যতে এ ধরনের প্রকল্প নেওয়া যেতে পারে।
এছাড়া রাজউক এর উদ্যোগে উত্তরা ১৭ নম্বর সেক্টরে সোশ্যাল হাউজিং নির্মাণের একটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। ২০২৬ সালের জুলাই থেকে ২০৩১ সালের জুন পর্যন্ত বাস্তবায়নের জন্য প্রস্তাবিত এ প্রকল্পে প্রায় ১০ দশমিক ৭১ একর জমিতে ৫৯২টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে প্রায় তিন হাজার মানুষের আবাসনের সুযোগ সৃষ্টি হবে।
অন্যদিকে নওগাঁ–৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু তার নির্বাচনী এলাকা মান্দা উপজেলা-এর শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কেও কয়েকটি প্রশ্ন উত্থাপন করেন। শিক্ষামন্ত্রী জানান, মান্দা উপজেলায় বর্তমানে একটি সরকারি স্কুল অ্যান্ড কলেজ এবং একটি সরকারি কলেজ রয়েছে। সেখানে নারীদের জন্য পৃথক কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান নেই। তবে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী জেলা পর্যায়ে ইতোমধ্যে একটি করে সরকারি মহিলা কলেজ স্থাপন করা হয়েছে এবং ভবিষ্যতে প্রয়োজন বিবেচনা করে উপজেলা পর্যায়েও এ ধরনের প্রতিষ্ঠান স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এছাড়া মান্দা উপজেলায় ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়গুলোর ভবন সংস্কার বা পুনর্নির্মাণের বিষয়েও প্রশ্ন করা হয়। জবাবে জানানো হয়, উপজেলায় মোট ৩৮টি ঝুঁকিপূর্ণ বিদ্যালয় রয়েছে, যার মধ্যে ১৭টিতে এখনো পাঠদান চলছে। এসব বিদ্যালয়ের ভবন উন্নয়নের জন্য ‘জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করা হয়েছে এবং প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
মাদরাসা শিক্ষা সম্পর্কিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, মান্দা উপজেলায় এমপিওভুক্ত মাদরাসা রয়েছে ৩০টি এবং একাডেমিক স্বীকৃতিপ্রাপ্ত মাদরাসার সংখ্যা ৩১টি। এর মধ্যে নির্বাচিত মাদরাসাগুলোর উন্নয়ন প্রকল্পের আওতায় ছয়টি মাদরাসায় চারতলা ভবন নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে পাঁচটির কাজ শেষ হয়েছে এবং একটি ভবনের কাজ চলমান রয়েছে, যা ২০২৬ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা। এছাড়া ভবিষ্যতে আরও পাঁচটি মাদরাসায় বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে।