ইপেপার / প্রিন্ট
আসন্ন সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জামায়াতে ইসলামী ও তাদের শরিক দলগুলোর সমন্বয়ে গঠিত জোটের ১২ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে একজন প্রার্থীর মনোনয়নপত্র প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতির কারণে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে জামায়াতে ইসলামীর মনোনীত ৯ জন প্রার্থীর সবাই বৈধতা পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ের নারী নেত্রী, আইনজীবী, শিক্ষাবিদ এবং সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন ব্যক্তিত্ব।
জোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), বাংলাদেশ খেলাফত মজলিস এবং জাতীয় নাগরিক পার্টির মনোনীত প্রার্থীরাও বৈধ ঘোষণা পেয়েছেন।
তবে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্রে কিছু কাগজপত্রের ঘাটতি পাওয়ায় তা স্থগিত রাখা হয়েছে। নির্বাচন কমিশন তাকে বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে প্রয়োজনীয় নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল হতে পারে বলে জানানো হয়েছে।
ইসি সূত্র জানায়, যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়া পরবর্তী ধাপে এগোবে।