ক্রমবর্ধমান দ্রব্যমূল্য, জ্বালানি সংকট এবং ব্যবসায়িক অনিশ্চয়তায় দেশের রেস্তোরাঁ খাতকে রক্ষা করতে সরকারের প্রতি ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। তাদের প্রধান দাবি—এলপিজি সংকট সমাধান এবং লাইনের গ্যাস সংযোগ পুনরায় চালু করা।
রোববার (১০ মে) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এসব দাবি উপস্থাপন করা হয়।
সংগঠনের মহাসচিব ইমরান হাসান বলেন, করোনা মহামারি ও পরবর্তী অর্থনৈতিক অস্থিরতার পর রেস্তোরাঁ খাত এখন চরম সংকটে রয়েছে। অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, ফলে হাজারো মানুষ চাকরি হারিয়েছে। এর সঙ্গে জ্বালানি সংকট ও মূল্যস্ফীতি পরিস্থিতিকে আরও জটিল করেছে।
তিনি বলেন, বাজারে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে রেস্তোরাঁ ব্যবসায়। ক্রেতা কমে যাওয়া এবং পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় খাতটি টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।
সংবাদ সম্মেলনে রেস্তোরাঁ মালিকদের পক্ষ থেকে উত্থাপিত ১০ দফা দাবির মধ্যে রয়েছে—
- ওয়ান স্টপ সার্ভিস চালু
- ভ্যাট ও ট্যাক্স সহনীয় পর্যায়ে নির্ধারণ
- এলপিজি সংকট সমাধান ও লাইনের গ্যাস সংযোগ পুনরায় চালু
- বিভিন্ন দপ্তরের হয়রানি বন্ধ
- অভিযান কার্যক্রমে ব্যবসায়ী প্রতিনিধি অন্তর্ভুক্তি
- রেস্তোরাঁ খাতকে শিল্প হিসেবে ঘোষণা
- ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়ন সহজ করা
- কর্পোরেট প্রভাব নিয়ন্ত্রণ
- ট্রেড ইউনিয়নের নামে হয়রানি ও চাঁদাবাজি বন্ধ
- গরুর মাংস আমদানির অনুমতি প্রদান
মালিক সমিতির নেতারা বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে দেশের রেস্তোরাঁ খাত আরও বড় সংকটে পড়বে এবং কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়বে। তারা সরকারের কাছে খাতটি বাঁচাতে জরুরি নীতি সহায়তার আহ্বান জানান।