ইপেপার / প্রিন্ট
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত ওই দুই সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাতে শেরেবাংলা নগর থানার জিয়া উদ্যানের গ্লাস ব্রিজ এলাকায় কয়েকজন ছিনতাইকারী একটি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে অটোরিকশাযোগে পালানোর চেষ্টা করে। বিষয়টি টহল পুলিশের নজরে এলে তারা দ্রুত অভিযানে নামে এবং সন্দেহভাজনদের ধাওয়া করে।
ধাওয়ার একপর্যায়ে ছিনতাইকারীরা আত্মরক্ষার চেষ্টা না করে উল্টো পুলিশের ওপর হামলা চালায়। এ সময় ধারালো ছুরি দিয়ে শেরেবাংলা নগর থানায় কর্মরত এসআই সামসুজ্জোহা (৩৪) এবং পিওএম বি কোম্পানির কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেনকে (২০) এলোপাতাড়ি আঘাত করা হয়। হামলায় দুজনই গুরুতর জখম হন।
পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। প্রথমে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১২ জুন) শেরেবাংলা নগর থানার এসআই হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযানের সময় ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে রকি ও রাজু নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, রকিই পুলিশ সদস্যদের ছুরিকাঘাত করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে পলাতক কোনো সহযোগী থাকলে তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।