ইপেপার / প্রিন্ট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর চুয়াডাঙ্গা পৌর শাখার ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুল হাকিম মুন্সিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আব্দুল হাকিম মুন্সি দীর্ঘদিন ধরে দলের শৃঙ্খলা ভঙ্গ এবং বিভিন্ন দলীয় কর্মকাণ্ডের পরিপন্থি কার্যকলাপে জড়িত ছিলেন। এসব অভিযোগের ভিত্তিতেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে শনিবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত চুয়াডাঙ্গা পৌর বিএনপির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তার বহিষ্কারাদেশ বহাল থাকবে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
এছাড়া দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে আব্দুল হাকিম মুন্সির সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
দলীয় শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এমন কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌর বিএনপির নেতারা।