ঢাকা: সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে দেশের দুটি বেসরকারি কলেজের নতুন নামকরণের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে আরও তিনটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের অনুমতিও দেওয়া হয়েছে।
রোববার (২৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখা থেকে এ সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শহীদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর’। একইভাবে ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজের নতুন নাম হয়েছে ‘জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ, চরফ্যাশন, ভোলা’।
এছাড়া আরেকটি প্রজ্ঞাপনে হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌলানা আছাদ আলী ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে ‘সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রি কলেজ, মাধবপুর, হবিগঞ্জ’ করা হয়েছে।
একই দিনে জারি করা পৃথক আরেক প্রজ্ঞাপনে কিশোরগঞ্জের কটিয়াদীর আয়েশা ছিদ্দিক মহিলা কলেজের নাম পরিবর্তন করে ‘আয়েশা ছিদ্দিক মডেল কলেজ’ করার অনুমোদন দেওয়া হয়।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট বেসরকারি কলেজগুলোর নাম পরিবর্তনের এই সিদ্ধান্ত নির্দেশক্রমে কার্যকর করা হয়েছে। প্রজ্ঞাপনগুলোতে সই করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি কলেজ-৬ শাখার সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম।
সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান নতুন নামে পরিচিত হবে, যার মধ্যে দুটি কলেজে যুক্ত হলো শহীদ জিয়াউর রহমানের নাম।