ইপেপার / প্রিন্ট
শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানিয়েছেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন থাকায় এ নিয়ে প্রকাশ্যে কিছু বলা তার জন্য সমীচীন নয়।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে উপ-নির্বাচন পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অবস্থান জানান। সিইসি বলেন, বিষয়টি এখন সাব-জুডিস হওয়ায় আদালত বা জাতীয় সংসদের আলোচনার বিষয়ে মন্তব্য করা তার সাজে না।
এর আগে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণের ফরম বিতরণ করে সিইসি তার সাংবিধানিক এখতিয়ার অতিক্রম করেছেন। তিনি দাবি করেন, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী শপথ নেওয়ার পরও সিইসি এমন পদক্ষেপ নিয়ে শপথ ভঙ্গ করেছেন।
তবে নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট শপথের ফরম নির্বাচন কমিশন থেকে নয়, বরং সংসদ সচিবালয় থেকেই সরবরাহ করা হয়েছিল। এ বিষয়ে সিইসি ব্যক্তিগতভাবেও কমিশনের সদস্যদের একই কথা জানিয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৭ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা শপথ নেন। একই দিনে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেওয়ার কথা থাকলেও বিরোধী দলসহ অনেক সংসদ সদস্য এতে অংশ নেননি। ফলে পরিষদের কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।