ইপেপার / প্রিন্ট
লিবিয়ার বেনগাজী থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন আরও ১৭০ জন বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (১৯ মে) ভোর ৫টায় বুরাক এয়ার-এর একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান।
এ প্রত্যাবাসন কার্যক্রম যৌথভাবে সম্পন্ন করে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস। এতে সহযোগিতা করে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও লিবিয়া সরকার।
প্রত্যাবাসিতদের বেশির ভাগই দালাল চক্রের প্ররোচনায় অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় গিয়েছিলেন বলে জানা গেছে। সেখানে অনেকেই অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলেও অভিযোগ রয়েছে।
ঢাকায় ফেরার পর বিমানবন্দরে তাদের সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা অভ্যর্থনা জানান। আইওএম তাদের প্রাথমিক চিকিৎসা, খাবার, পথখরচা এবং প্রয়োজন অনুযায়ী অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করে।
সরকার জানিয়েছে, মানবপাচার রোধে জনসচেতনতা বাড়াতে প্রত্যাবাসিতদের অভিজ্ঞতা প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক থাকা বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের কাজও চলমান রয়েছে।