ইপেপার / প্রিন্ট
লক্ষ্মীপুরের রায়পুর জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে পাঠদানের সময় বিপজ্জনক ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ষষ্ঠ শ্রেণির পাঠদানের সময় শ্রেণিকক্ষের ছাদের পলেস্তরা ও ভিম ভেঙে পড়ে, এতে তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন।
আহতরা হলেন ঋতু বণিক, নাদিয়া আক্তার ও সামিয়া আক্তার। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা প্রদান করা হয়েছে। দুর্ঘটনার সময় শ্রেণিকক্ষে পড়াশোনা চলছিল। শিক্ষার্থীরা জানান, ছাদের ভাঙার সঙ্গে সঙ্গে বিকট শব্দের কারণে সকল শিক্ষার্থী হুড়োহুড়ি করে বাইরে বের হন, যা সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্টভাবে ধরা পড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, “পাঠদানের বিকল্প ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনে কার্যক্রম চালানো হচ্ছিল। বিষয়টি আগে থেকেই উপজেলা ও জেলায় জানানো হলেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি।” বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান পাশা বলেন, “অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা দ্রুত তাদের চিকিৎসার ব্যবস্থা করেছি।”
শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ভবনটি আগেই ঝুঁকিপূর্ণ ছিল। ঝুঁকি থাকা সত্ত্বেও তাদের ক্লাস চলছিল। তারা দাবি করেছেন, ভবনটি দ্রুত সংস্কার বা নতুন ভবন নির্মাণ না হলে আরও বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।
রায়পুর উপজেলা শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম জানান, “ভবন ঝুঁকিপূর্ণ থাকার বিষয়টি আমাদের অবহিত করা হয়েছিল। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়েছি, কিন্তু বরাদ্দ না থাকায় দ্রুত কোনো উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি।”