ইপেপার / প্রিন্ট
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন)-এর মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ দাবি করেছেন, সাম্প্রতিক সময়সহ আগের সরকারের আমলে বাহিনীর অপকর্মের ইতিহাস খুব বেশি নেই।
রোববার (৫ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
র্যাবের বিরুদ্ধে কথিত খুন, গুম ও ‘ক্রসফায়ার’-এর অভিযোগ তদন্তে নথি তলবের বিষয়ে তিনি জানান, বিচারপ্রক্রিয়ার স্বার্থে কোনো সংস্থা সহযোগিতা চাইলে র্যাব সর্বোচ্চ সহযোগিতা করবে। “আমাদের কাছে যা তথ্য আছে, তা আমরা দেব। কোনো তথ্য না থাকলে তা জানানো হবে,” বলেন তিনি। তবে এ বিষয়ে এখনো সংশ্লিষ্ট ট্রাইব্যুনাল র্যাবের সঙ্গে যোগাযোগ করেনি বলেও উল্লেখ করেন।
র্যাব বিলুপ্তির দাবি প্রসঙ্গে ডিজি বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের। বাহিনী হিসেবে র্যাবের দায়িত্ব হলো রাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী কাজ করা এবং নিজেদের কার্যক্রমের মাধ্যমে জনসাধারণের আস্থা অর্জন করা।
অতীতে র্যাবকে রাজনৈতিকভাবে ব্যবহারের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, গত দেড় বছর ও পূর্ববর্তী সরকারের সময়কার কার্যক্রম পর্যালোচনা করলে বড় ধরনের অপকর্মের নজির খুব বেশি পাওয়া যায় না। তার মতে, সঠিক নেতৃত্ব ও তদারকি থাকলে বাহিনী সঠিকভাবেই পরিচালিত হতে পারে।
বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি জানান, জলদস্যু ও বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা মোকাবিলায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নির্বাচনসহ নানা কারণে আগে যেসব বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া সম্ভব হয়নি, এখন সেগুলোতে জোর দেওয়া হচ্ছে।
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে দেশে কিশোর গ্যাংয়ের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, পুলিশ ও র্যাব যৌথভাবে এ বিষয়ে কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।
র্যাবের সম্ভাব্য সংস্কার বা নাম পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, এসব সিদ্ধান্ত সরকারের বিবেচনার বিষয়। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হচ্ছে না বলেও উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে ডিজি বলেন, অতীতে কিছু ক্ষেত্রে ‘পদস্খলন’ থাকতে পারে। তবে সেগুলো সংশোধন করা গেলে ভবিষ্যতে এ ধরনের নিষেধাজ্ঞা আর থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।