ইপেপার / প্রিন্ট
সরকারি অনুষ্ঠানগুলোতে লাল গালিচার ব্যবহার নিষিদ্ধ করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পাক সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ রোববার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের জন্য লাল গালিচা বিছানোর বিষয়টি নিয়ে বেশ বিরক্ত হয়েছেন শেহবাজ।
এরপর তিনি এমন নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে শুধুমাত্র রাষ্ট্রীয় অতিথি ও বিদেশি কূটনীতিকদের স্বাগত জানাতে লাল গালিচা ব্যবহার করা হবে। এর আগে গত মাসে প্রধানমন্ত্রী হিসেবে সরকারি বেতন না নেওয়ার ঘোষণা দেন শেহবাজ শরীফ।
প্রধানমন্ত্রীর মতো দেশটির প্রেসিডেন্ট ও অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীরাও একই সিদ্ধান্ত নেন। গত দুই-তিন বছর ধরে পাকিস্তান অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এ কারণে সরকারি ব্যয়ের লাগাম টেনে ধরার চেষ্টা করছে দেশটির সরকার। এর অংশ হিসেবে যেসব অপ্রয়োজনীয় খরচ রয়েছে সেগুলো বন্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সম্প্রতি জানিয়েছে, পাকিস্তান তাদের ইতিহাসে ২০২৩ সালে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছিল। ওই সময় দারিদ্রতা, মূল্যস্ফীতি এবং বেকারত্ব বহুলাংশে বৃদ্ধি পেয়েছিল। এতে করে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং স্বাস্থ্যগত দিক দিয়ে ঝুঁকির মুখে পড়েছিলেন দেশটির লাখ লাখ মানুষ।
পাকিস্তানে এ বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হয়। নির্বাচন শেষে সরকার গঠন করে এখন অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছেন শেহবাজ শরীফ।