ইপেপার / প্রিন্ট
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ড বিতরণে কোনো রাজনৈতিক প্রভাব বা মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ থাকবে না। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, “ফ্যামিলি কার্ড প্রদান সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায়সঙ্গত হবে। রাজনৈতিক বিবেচনায় কার্ড প্রদান করা হবে না। এছাড়া কোনো মধ্যস্বত্বভোগী থাকবেন না।” তিনি আরও জানান, কার্ড বিতরণের ফলে সরকারের চলমান ভাতা কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না।
অন্যদিকে, কৃষি, খাদ্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ জানান, ফ্যামিলি কার্ড প্রকল্পটি দ্রুততম সময়ের মধ্যে শুরু করার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “আমরা চেষ্টা করছি ঈদের আগেই পাইলট বেসিসে কার্ড বিতরণ শুরু করতে। কার্ড বিতরণের সংখ্যা, এলাকা এবং অন্যান্য কার্যক্রম দুই-তিন দিনের মধ্যে চূড়ান্ত করা হবে।”
প্রাথমিকভাবে হতদরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। জহির উদ্দিন স্বপন জানিয়েছেন, এখনো নির্দিষ্ট কোন জেলায় কতজনকে কার্ড দেওয়া হবে তা চূড়ান্ত হয়নি। তবে পূর্বে করা সার্ভে অনুযায়ী কিছু এলাকা নির্ধারণ করা হয়েছে।
ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রাথমিকভাবে ক্যাশ সুবিধা প্রদান করা হবে, বিশেষ করে মহিলাদের জন্য। এ প্রকল্পের মাধ্যমে হতদরিদ্রদের জীবনমান উন্নয়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।